‘৯৯৯’ নম্বরে ফোন দিয়ে স্বামীর নির্যাতন থেকে রাবেয়া আক্তার (২০) নামে এক গৃহবধূকে রক্ষা করেছেন তার বাবা। গতকাল রবিবার দুপুর ৩টার দিকে পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশ রাবেয়াকে তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে বাড়িতে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। রাবেয়ার বাবা জাফর মুসুল্লি বলেন, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের খালেক আকনের ছেলে সাইফুল ইসলামের (সুপন) সঙ্গে পাঁচ বছর আগে রাবেয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুপন মোটা অংকের যৌতুক দাবি করে তাকে নির্যাতন করে আসছিল। এ নিয়ে কয়েকবার সালিশ বৈঠকও হয়। সর্বশেষ শুμবার যৌতুক দাবি করে সুপনের পরিবারের লোকজন রাবেয়ার ওপর নির্যাতন চালায়। একপর্যায়ে তাকে ঘরের দোতলায় আটকে রাখা হয়। পরে প্রতিবেশীর সহযোগিতায় রবিবার দুপুরে রাবেয়া আমাকে জানায়। আমি ৯৯৯ নম্বরে ফোন করে কলাপাড়া থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করি। নির্যাতিত রাবেয়া জানান, বিয়ের কিছুদিন পরই যৌতুকের দাবিতে তার ওপর শুরু হয় স্বামীর নির্যাতন। মেয়ের কথা ভেবে এতদিন সব সহ্য করি। কোনো উপায় না পেয়ে দুদিন ঘরে আটকা থাকার পর অন্যের সহযোগিতায় বাবাকে জানানো হলে বাবা পুলিশ নিয়ে তাকে উদ্ধার করে। এদিকে অভিযুক্ত সুপন তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেন। কলাপাড়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ৯৯৯-এ অভিযোগ পেয়ে ওই গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়।