বাগেরহাটে সামাজিক দূরত্ব না মানায় আরও ৫৮ জনকে জরিমানা

বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানায় আরও ৫৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত ২৪ ঘণ্টায় বাগেরহাটের ৯ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫৮ জনের কাছ থেকে ৬০ হাজার ১৮০ টাকা জরিমানা আদায় করে।

সামাজিক দূরত্ব মেনে চলতে প্রশাসন এখানকার লোকজনকে বারবার তাগিদ দিলেও অধিকাংশ মানুষই তা মানছে না।

এই নিয়ে গত চার দিনে ৩০২ জনকে সামাজিক দূরত্ব না মানার অপরাধে জরিমানা করে বাগেরহাটের ভ্রাম্যমাণ আদালত।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান সকালে এই প্রতিবেদককে বলেন, বাগেরহাটের মানুষকে ঘরবন্দি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের ৩০টিরও বেশি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। সামাজিক দূরত্ব না মেনে চলার অপরাধে জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫৮ জনকে ৬০ হাজার ১৮০ টাকা জরিমানা করে।

সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।