দেশে করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৩৯ জনের মৃত্যু হলো। এছাড়া একদিনে ১ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১৮২ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। একদিনে নমুনা পরীক্ষা ও শনাক্তের এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
গতকাল সোমবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, আগের আক্রান্তদের মধ্য থেকে আরও তিনজন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে সর্বমোট ৮০৩ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।
এদিন স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে যুক্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট শনাক্ত ও মৃত্যুর এসব তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নতুন শনাক্ত ও মৃত্যুর বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি। বুলেটিনে এদিন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআরের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। অধিদপ্তরের পক্ষ থেকে অন্য তথ্যগুলো জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ১ হাজার ৭৩২ জনের। এরমধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৫৭০ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ২২৩ জনের। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন মোট ২৯৯ জন। ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৫ হাজার ৬৮৪ জনকে এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৪৮৪ জনকে। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন মোট ২৪ হাজার ৪১১ জন। ২৪ ঘণ্টায় স্থল, সমুদ্র ও বিমানপথে দেশে প্রবেশ করেছেন ২৯৭ জন। তাদের প্রত্যেককেই স্ক্রিনিং করা হয়েছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত পিপিই বিতরণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ২৯৪টি। বর্তমানে মজুদ আছে আরও ৪ লাখ ৫৭ হাজার ৯৮২টি। স্বাস্থ্য বাতায়ন-১৬২৬৩, ৩৩৩ ও আইইডিসিআরের হটলাইনে ২৪ ঘণ্টায় মোট কল এসেছে ৯৪ হাজার ১১১টি।