মুন্সীগঞ্জে মায়ের পর করোনায় আক্রান্ত ছেলে

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় মায়ের পর এবার ছেলেও করোনা আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার আবিরপাড়া গ্রামের ২২ বছর বয়সী ছেলের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

এর আগে গেল শুক্রবার দিবাগত রাতে ৭০ বছর বয়সী মায়ের করোনা শনাক্ত হয়।

সিরাজদীখান উপজেলার নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার সিরাজদীখান উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী ছিলেন একজন নারী। করোনা শনাক্ত হওয়ার পর ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়।

মঙ্গলবার করোনা আক্রান্ত ওই নারীর ছেলের করোনা শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলায় মঙ্গলবার নতুন করে আরও ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।