করোনায় মুন্সীগঞ্জ শহরের প্রধান সড়কের দুই পাশ জুড়ে বসেছে কাঁচাবাজর ও মাছ বাজার। সামাজিক দূরত্ব বজায় রেখে বসেছে প্রতিটি দোকান।
মঙ্গলবার ভোরে জেলা শহরের মালপাড়া, জমিদারপাড়া ও খালইষ্ট এলাকা সংলগ্ন প্রধান সড়কে এ বাজার মিলেছে। ওই তিন এলাকার পাশেই মুন্সীগঞ্জ শহরের প্রধান বাজারের অবস্থান।
করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ওই বাজারের কাঁচা ও মাছ বাজার স্থানান্তর করে প্রধান সড়কের দুই পাশে বসানো হয়।
মুন্সীগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশক্রমে করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতেই সড়কের দুই পাশে তিন ফুট দূরত্বে দূরত্বে বসানো হয়েছে সবজি ও মাছ বাজারের দোকানগুলো। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত চলবে এ বাজারের কেনাকাটা।