টাঙ্গাইলের মির্জাপুরে হতদরিদ্রদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির সময় ওজনে কম দেয়ার অপরাধে এক আওয়ামী লীগ নেতাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে তার লাইন্সেসও বাতিল করা হয়েছে।
উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যাবেগম বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সোমবার দুপুরে এ জরিমানা করা হয়।
অভিযুক্ত শরাফুল আলম বাচ্চু উপজেলপার ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি। তিনি ওই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে ভাতগ্রাম ইউনিয়নের ৮২৪ জন হতদরিদ্রের জন্য দুইজন ডিলার রয়েছেন। কার্ডধারীরা ১০ টাকা কেজি দরে সপ্তাহে তিন দিন ৩০ কেজি করে চাল কিনতে পারবেন।
সোমবার সকালে দুল্যাবেগম বাজারে ডিলার বাচ্চু তার অধীনে থাকা ৪১২ জন কার্ডদারীদের মধ্যে চাল বিক্রির সময় ৩০ কেজির স্থলে ২/৩ কেজি করে চাল ওজনে কম দিয়ে বিক্রি করছে বলে খবর পান উপজেলা প্রশাসন।
পরে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাব্বির আহমেদ মুরাদ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেলে ডিলার বাচ্চুকে দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেন। একই অপরাধে তাঁর নামে থাকা খাদ্যবান্ধব কর্মসূচির লাইন্সেসও বাতিল করা হয়।
তিনি ইতিপূর্বেও এই চাল বিক্রির সময় ওজনে কম দিয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাব্বির আহমেদ মুরাদের সঙ্গে কথা হলে তিনি বলেন, যেহেতু তাঁর লাইন্সেস বাতিল করা হয়েছে সেহেতু খাদ্য অফিসের লোকজনের উপস্থিতিতে পার্শ্ববর্তী ডিলারের মাধ্যমে ওই এলাকায় চাল বিক্রি কার্য়ক্রম চালু রাখা হবে।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আবদুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত আশরাফুল আলম বাচ্চুর কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।