পিরোজপুরের কাউখালীতে চাল বিতরনে অনিয়মের অভিযোগে উপজেলার সদর ইউনিয়নের ডিলার মো. হাফিজুর রহমানের ডিলারশিপ বাতিল ও অর্থদন্ড করেছেন উপজেলা খাদ্যবান্ধব কমিটি।
সোমবার রাতে উপজেলা খাদ্যবন্ধব কর্মসূচীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দন্ডপ্রাপ্ত ডিলার হাফিজুর রহমান উপজেলার সদর ইউনিয়নের মুক্তার কাঠি গ্রামের বাসিন্দা।
উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মেহেদি হাসান জানান, সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০টাকা মূল্যে চাল তদারকি করতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা। তখন ২৪টি কার্ডের চাল বিতরনে অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ২৪ টি কার্ড জব্দ করে নিয়ে আসেন। তখন ওই সব কার্ডের বিপরীতে গত ২০১৮/১৯ সালের বিতরনকৃত চালের মাস্টার রোল ও তথ্যে গরমিল পাওয়া যায়। পরে তদন্ত করে দেখা যায় ওই ২৪ টি কার্ডে ১৪১০ কেজি চাল বিতরনে অনিয়ম করা হয়েছে। এ ঘটনায় পরে বিধি অনুযায়ী চালের দ্বিগুন দাম হিসাবে ১ লাখ ২২হাজার ৬৪২টাকা জরিমানা ও ওই ডিলারের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত করা হয়েছে। একই সাথে পার্শ্ববর্তী ২নং আমড়াঝুড়ি ইউনিয়নের ডিলার সাঈদুর রহমানকে ওই ইউনিয়নের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা ওই ডিলারের ডিলার শিপ বাতিলের কথা স্বীকার করে জানান, চাল বিতরনের অনিয়নের তথ্য মিললে তার ডিলারশিপ বাতিল সহ অর্থদন্ড করা হয়।