চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ নমুনা পরীক্ষায় আরও ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এদের মধ্যে চট্টগ্রাম জেলার ১১ জন এবং নোয়াখালীর এক বাসিন্দার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।
গত ২০ দিনে চট্টগ্রামে সর্বোচ্চ পজিটিভ রোগী শনাক্তের ঘটনা এই প্রথম।
মঙ্গলবার বিআইটিআইডি ল্যাবে ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকার ১১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেলার বাইরে নোয়াখালীর এক বাসিন্দার করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট ২৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া জেলার বাইরে লক্ষীপুরের ২ এবং নোয়াখালীর শনাক্ত ১ জনসহ চট্টগ্রাম বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ৩০ জন।
বিআইটিআইডিতে এর আগে সোমবার ১০৪ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের পাঁচজনসহ ছয়জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়। তাদের মধ্যে এক নারী সোমবার দুপুরে জেনারেল হাসপাতালে মারা যায়।
এর আগে গত রবিবার রাতে মারা যায় পটিয়ার ছয় বছরের প্রতিবন্ধী শিশু।
আর গত ৯ এপ্রিল সাতকানিয়ার ৬৯ বয়সী এক বৃদ্ধ মারা যান। এরপর করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হলে ১১ এপ্রিল বিআইটিআইডি থেকে আসা রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত ৩০ জন।