ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রী তাহমিনা আক্তারকে কুপিয়ে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ওবায়দুল হক টুটুলকে (৩২) আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে ফেনী পৌরসভার উত্তর বারাহীপুর ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ওবায়দুল-তাহমিনার দেড় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। ওবায়দুল একই এলাকার গোলাম মাওলা ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও নিহতের বোন রেহানা আক্তার জানান, ৫ বছর আগে তাহমিনার সাথে ওবায়দুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আর্থিক অসচ্ছলতা নিয়ে তাদের ঝগড়া-বিবাদ লেগে থাকত। এরই মধ্যে স্বামী ওবায়দুল নিহতের পরিবারের কাছ থেকে বেশ কিছু টাকাও নেয়। কিন্তু আরও টাকার জন্য চাপ দিলে সে অস্বীকৃতি জানায়। এর জের ধরে ফেইসবুক লাইভে এসে ওবায়দুল তার স্ত্রীকে এলোপাতাড়ি দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
ফেসবুক লাইভে এসে হত্যাকারী ওবায়দুল বলেন, প্রিয় দেশবাসী, আমাকে ক্ষমা করে দেবেন। আজকে আমার কারণে আমার পরিবার ধ্বংস, যার কারণে ধ্বংস তাকে এই মুহূর্তে শেষ করে দিলাম। এ ঘটনায় পরিবারের অন্য কেউ দায়ী নয় দাবি করে সে তার মেয়েকে দেখে রাখার জন্য সবাইকে অনুরোধ জানায়।
পরে হত্যাকারী নিজেই পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকারীকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও ফেসবুকে প্রচার চালানো মোবাইল জব্দ করে।
ফেনী মডেল থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবু বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।