ত্রিপল দিয়ে মাথা ঢেকে পিকআপে করে চট্টগ্রাম ছাড়তে গিয়ে ধরা, গ্রেপ্তার ২

করোনাভাইরাসে সংক্রমণ রোধে লকডাউনের মধ্যে চট্টগ্রাম ছাড়তে গিয়ে ধরা পড়েছেন ২০ জন, তাদের বহনকারী পিকআপ ভ্যানের চালক ও মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

রাতের আঁধারে পিকআপে করে মাথায় ত্রিপল দিয়ে কিশোরগঞ্জের উদ্দেশে চট্টগ্রাম নগরী ছাড়ার সময় মঙ্গলবার রাতে বাকলিয়ার বগারবিল এলাকায় তারা পুলিশের কাছে ধরা পড়ে।

নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী বহনের দায়ে পিকআপটির চালক মো. মঈনউদ্দিন (২৫) এবং মালিক বেলাল উদ্দিনকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের বগারবিল এলাকা থেকে আটক করে। যাত্রীরা খুবই দরিদ্র, নগরীর বিভিন্ন জায়গায় তারা দিনমজুরি করে। তাদের থেকে ১ হাজার টাকা করে নিয়েছিল গাড়ি মালিক ও চালক।

ওসি আরও জানান, চারজনের নামে মামলা হয়েছে। চালককে গ্রেপ্তারে পর পিকআপ মালিক বেলালকে গ্রেপ্তার করা হয়। বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পলাতক দুজন ও গাড়ির মালিক ওই যাত্রীদের নগরী ছেড়ে কিশোরগঞ্জ যাওয়ার জন্য বিভিন্ন প্ররোচনা দিয়েছিল।