ক্রেডিট কার্ডের অতিরিক্ত সুদও মাফ

করোনাভাইরাসের কারণে এবার ক্রেডিট কার্ড গ্রাহকদের সুদসহ সব ধরনের জরিমানা মওকুফের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্রেডিট  কার্ডের গ্রাহকরা আগামী ৩১ মে পর্যন্ত এ সুবিধা পাবেন। এ ছাড়া গত ১৫ মার্চ থেকে যাদের বিল বকেয়া হয়েছে ও এ জন্য জরিমানা আরোপ হয়েছে, তা আদায় করা যাবে না বলেও কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছে। গতকাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে মাসের শুরুতে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে একই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে সেই প্রজ্ঞাপনের পরও ব্যাংকগুলো জরিমানা, বিলম্ব ফিসহ অন্যান্য ফি না নিলেও সুদ ঠিকই আদায় করছিল। ফলে করোনার সময়ে গ্রাহকরা কিছুটা সুবিধা পাওয়ার চেয়ে উল্টো অসুবিধায় পড়ছিলেন। এমন পরিপ্রেক্ষিতে গতকাল প্রজ্ঞাপন জারি করল বাংলাদেশ ব্যাংক।

গতকালের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো কোনো ব্যাংক অপরিশোধিত ক্রেডিট কার্ড বিলের ওপর মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করছে। ফলে গ্রাহককে অতিরিক্ত সুদ দিতে হচ্ছে বা হবে, যা বর্তমান সংকটময় পরিস্থিতিতে গ্রহণযোগ্য নয়। এর পরিপ্রেক্ষিতে ক্রেডিট কার্ড বিলের ওপর ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত দৈনিক বা মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ না করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া ১৫ মার্চ থেকে যেসব গ্রাহকের সুদ আরোপ করা হয়েছে, সেগুলো ফেরত দেওয়ার জন্যও ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা ৩১ মে পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অক্টোবর পর্যন্ত দেশে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা ১৫ লাখ ৩২০। গত জুনে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ১ হাজার ১৩১ কোটি টাকা।