করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে সরকার তার পরিবারকে ৩ লাখ টাকা দেবে। গতকাল বুধবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠক সূত্রে জানা যায়, করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে করণীয় নির্ধারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল
মোমেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন। এতে সিদ্ধান্ত হয়, বিদেশের মাটিতে করোনা আক্রান্ত হয়ে প্রবাসী শ্রমিকরা মারা গেলে তার পরিবারকে ৩ লাখ টাকা দেবে সরকার। এছাড়া কোনো প্রবাসী ঢাকায় পৌঁছালে যাতায়াতের জন্য তাকে দেওয়া হবে ৫ হাজার টাকা। আর প্রবাসী নাগরিকরা দেশে পৌঁছানোর পর পরবর্তী সময়ে ব্যবসা-বাণিজ্যের জন্য ৫ থেকে ৭ লাখ টাকা ঋণ সহায়তা পাবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ অর্থ দেবে।