বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তহবিল বন্ধের ঘোষণা ট্রাম্পের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য যুক্তরাষ্ট্রের অর্থায়ন স্থগিত করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটি করোনাভাইরাস প্রাদুর্ভাবে প্রতিক্রিয়ায় তাদের ‘প্রাথমিক দায়িত্ব পালন করতে ব্যর্থ’ হয়েছে এবং তথ্য গোপন করেছে এমন অভিযোগে ট্রাম্প এই নির্দেশনা দিয়েছেন। তবে এমন সিদ্ধান্তের কারণে ট্রাম্পের সমালোচনার মুখে পড়েছেন দেশে ও দেশের বাইরে। ট্রাম্পের সমালোচনা করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা।

বিবিসি জানাচ্ছে, চীনে ভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সংস্থাটির অব্যবস্থাপনার সমালোচনা করার পাশাপাশি তারা সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও এনেছেন ট্রাম্প।

মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য গোপন করা ও গুরুতর অব্যবস্থাপনার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নির্ধারণ করতে একটি পর্যালোচনা চলছে আর এ সময় তহবিল বন্ধ রাখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছি আমি।’

এর আগে তিনি বলেছিলেন যে সংস্থাটি চীনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে। অথচ করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় তার ভূমিকার জন্য ট্রাম্প নিজ দেশেই সমালোচিত হচ্ছেন।

এককভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে সবচেয়ে বড় অঙ্কের অর্থায়ন করে যুক্তরাষ্ট্র। গত বছর এই তহবিলে যুক্তরাষ্ট্র দিয়েছে ৪০ কোটি ডলার- যা ছিল সংস্থাটির বার্ষিক বাজেটের প্রায় ১৫%।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৮- ১৯ সালে সেখানে চীনের অবদান ছিল ৭.৬ কোটি ডলার এবং স্বপ্রণোদিত অনুদান ১ কোটি ডলার।

বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলার লক্ষ্যে মার্চ মাসে সাড়ে ৬৭ কোটি ডলারের আবেদন করেছে তারা এবং আরও ১০০ কোটি ডলারের আবেদন করতে যাচ্ছে বলে জানা গেছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলেছেন, এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়ন কমানোর সঠিক সময় নয়।

করোনাভাইরাস মহামারীর এই সময় ট্রাম্পের অর্থায়ন বন্ধের ঘোষণার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব বলেছেন, ‘এখন এই সময়ে মহামারী ভাইরাসকে ঠেকানো এবং এর বিপর্যয়কর পরিণতি রুখতে একজোট হয়ে একাত্মতার সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ করার সময়।’

এদিকে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ১৫ এপ্রিল বুধবার টুইটারে দেওয়া এক পোস্টে বলেছেন, বিশ্বস্বাস্থ্যের এমন সংকটময় মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তহবিল স্থগিতের সিদ্ধান্ত বিপজ্জনক। তাদের কাজে করোনাভাইরাস বিস্তারের গতিকে ধীর করে দিচ্ছে। এই মুহূর্তে যদি কোনো সংস্থা এ ভাইরাসের বিপক্ষে লড়াই করতে পারে তবে সেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্য কেউ তাদের স্থান নিতে পারবে না। সংস্থাটিকে এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।