কর্মী ছাঁটাই ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে দেশের বিভিনড়ব স্থানে গতকাল বুধবার পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এরিস্টো ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ ছাড়া গতকাল সাভার ও গাজীপুরে কয়েকটি কারখানায় বিভিনড়ব কারণে বিক্ষোভ হয়েছে।
রূপগঞ্জে পোশাক কারখানায় বিক্ষোভ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এরিস্টো ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় ৪ শতাধিক শ্রমিক কাজ করেন। কারখানাটিতে কোনো কোনো শ্রমিকের ফেব্রুয়ারি ও মার্চ এবং কারও জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। করোনা পরিস্থিতির কারণে গত ২৬ মার্চ শ্রমিকদের বেতন বকেয়া রেখেই কারখানাটি বন্ধ করে দেয় মালিকপক্ষ। এর আগে ১৫ এপ্রিল বেতন দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেয় মালিকপক্ষ। কিন্তু গতকাল শ্রমিকরা কারখানায় এসে দেখেন নিরাপত্তারক্ষী ছাড়া কেউ সেখানে নেই। পরে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার গেটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধঘণ্টা অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন। এতে করে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রূপগঞ্জ থানার এসআই রিগ্যান মোল্লা বলেন, মৈকুলী এলাকায় এরিস্টো ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে রূপগঞ্জ থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মিলে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ দেওয়া হয়। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে আগামী ২৬ এপ্রিল বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়ে শ্রমিকদের বাড়িতে পাঠানো হয়।
সাভারে শ্রমিকদের বিক্ষোভ : গতকাল সকালে সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লায় বেঙ্গল ফাইন সিরামিকস কারখানার শ্রমিকদের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই কারখানাটি বন্ধ ঘোষণা করেন। এ সময় ওই কারখানার তিন শতাধিক শ্রমিক প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।
এ ছাড়া সাভারের রাজফুলবাড়িয়া শোভাপুর এলাকার এস কে অ্যাপারেলস লিমিটেড, উলাইলের বেলকুচি নিটিং অ্যান্ড ডাইং ও তেঁতুলঝোড়া এলাকার বকুল অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরাও বকেয়া বেতদের দাবিতে বিক্ষোভ করেছেন।
অন্যদিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার তানজিনা অ্যাপারেলস লিমিটেড, আনজির সুয়েটার লিমিটেড, কুটুরিয়ার জেট এ অ্যাপারেলস, খেঁজুরবাগান এলাকার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেড, থ্রি এ ফ্যাশন লিমিটেড,ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড, তৈয়বপুরের তাজির অ্যাপারেলস লিমিটেড ও শ্রীপুরের এজিজ টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরাও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। এর মধ্যে কিছু কারখানার শ্রমিক বেতনের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেন এবং কিছু কারখানায় শ্রমিকরা আন্দোলন চলমান রেখেছেন। এছাড়া জিরাবো এলাকার জে এল সুয়েটার লিমিটেড কারখানাটি খোলা রয়েছে।
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ : বকেয়া বেতন পরিশোধের দাবিতে গত তিন দিন লকডাউন ভেঙে গাজীপুরে বিভিনড়ব পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি আলমগীর ভূইয়া জানান, বকেয়া বেতন-ভাতার দাবিতে মহানগরীর তিন সড়ক এলাকার স্টাইলক্রোফট ও ইন্টারম্যাক্স পোশাক কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার সামনে ঢাকা-গাজীপুর মহাসড়কে অবস্থান নেন।