যশোরে ‘মাদক ব্যবসায় বাধা দেওয়ায়’ যুবককে কুপিয়ে হত্যা

যশোর সদর উপজেলায় মাদক ব্যবসায় বাধা দেওয়া নিয়ে শত্রুতার জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পা্ওয়া গেছে।

বুধবার রাত ১১টায় উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া গ্রামের শ্মশানপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির আহমেদ রাসেল (২৫) ওই গ্রামের আব্দুল সালেকের ছেলে। তিনি জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছোট ভাই আল-আমিন (২৫)। তাকে রাতেই যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ঢাকায় স্থানান্তর করেন।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনা নিশ্চিত করেছেন।

হতাহতদের বাবা আব্দুল সালেক জানান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহীদের অনুসারীরা গ্রামে বিভিন্ন সময় মাদকের ব্যবসা করেন। সাব্বির তাদেরকে বাধা দেয়ায় তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়।

এর জের ধরে বুধবার রাত ১১টার দিকে প্রথমে রাসেলের উপর হামলা করে স্থানীয় পিচ্চি বাবু, শামিরুল, সোহাগসহ ১০-১২ জন।

এ সময় আল আমিন তার ভাইকে রক্ষা করতে এলে হামলাকারীরা তাকেও কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

এদিকে চিকিৎসাধীন আল আমিনের অবস্থাও সঙ্কটাপন্ন। তাকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসক।

আবু সালেক আরও জানান, মাদক ব্যবসায় বাধা দেয়ায় এই চক্রটি এর আগে ২০১৯ সালের ১২ জুন রাসেলকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে বোমা হামলা চালায়।