ভাঙা হাঁটু নিয়ে ২০১৫ বিশ্বকাপ খেলেছিলেন শামি

হাঁটুতে ছিল বড় ধরনের চোট। এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে প্রতিদিন ডাক্তারকে হাঁটু থেকে ফ্লুইড বের করতে হত। এমন ভাঙা হাঁটু নিয়েই ২০১৫ বিশ্বকাপের গোটা আসর খেলেছিলেন বলে জানালেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মোহাম্মদ শামি।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আয়োজিত ২০১৫ সালের বিশ্বকাপে সাত ম্যাচে ১৭টি উইকেট নিয়েছিলেন শামি। বোলিং গড় ছিল ১৭.২৯। এমন দুর্দান্ত পারফরম্যান্স তিনি করেছিলেন প্রথম ম্যাচে হাঁটু ভেঙে যাওয়ার পরেও!

ঠিক কী হয়েছিল সেদিন পাঁচ বছর পর তা জানালেন শামি। ইরফান পাঠান এর সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে  তিনি বলেন, “প্রথম ম্যাচে আমার হাঁটু ভেঙে গিয়েছিল। আমার হাঁটু আর ঊরুর আকার প্রায় এক হয়ে গিয়েছিল। ডাক্তার আমার হাঁটু থেকে ফ্লুইড বের করত। যন্ত্রণা কমাতে তিনটা করে ওষুধ খেতাম।”

দলীয় ডাক্তার নীতিন প্যাটেল ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সব ধরনের সহযোগিতা করেছিলেন বলে জানান শামি, “ডাক্তার নীতিন প্যাটেল আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছিলেন। তাই আমি ২০১৫ বিশ্বকাপ খেলতে পেরেছিলাম। সেমি-ফাইনালের দিন তো খেলতেই পারতাম না, কিন্তু মাহি ভাই আমাকে দারুণ উদ্বুদ্ধ করেছিল। বলেছিল, ‘তুমি যেরকম পারো বল করো আমার আস্থা আছে। আমরা নতুন বোলার খেলাব না’।”