চৌহালিতে ১৯৫০ কেজি সরকারি চাল উদ্ধার, ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১ হাজার ৯৫০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় আবু বক্কর (৫০) নামের এক চাল ব্যবসায়ীকে আটক করা হয়।

খাস কাউলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামের বাড়ি ও জোতপাড়া বাজারের এক দোকানে বুধবার রাতে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করা হয়।

এতে খাদ্যবান্ধব কর্মসূচির ফেয়ার প্রাইজ ও জিআর এর ত্রাণের চাল রয়েছে।

আটক ব্যবসায়ী খাসকাউলিয়া গ্রামের হাবিল উদ্দিনের ছেলে ও ইউপি সদস্য রফিকুল ইসলাম একই গ্রামের লসকোর শেখের ছেলে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জব্দকৃত চালের বিষয়টি তদন্ত করতে চৌহালি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মালেককে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে চৌহালী থানার ওসি রাশেদুল হাসান বিশ্বাস জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মালেকের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।

তিনি আরো বলেন, জোতপাড়া বাজারে অভিযান চালিয়ে চাল ব্যবসায়ী আবু বক্করের দোকান থেকে ১ হাজার ৪৩০ কেজি ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইউপি সদস্য রফিকুল ইসলামের খাস কাউলিয়া দক্ষিণপাড়া গ্রামের বাড়ি থেকে ৫২০ কেজি মোট ১৯৫০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। এ ঘটনায় থানায় একটি  মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ বলেন, চাল আটকের ঘটনা তদন্তের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মালেককে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।