আনোয়ারায় প্রথম করোনা রোগী শনাক্ত, এলাকা লকডাউন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে তার নমুনা পরীক্ষার পর ওই তথ্য জানা যায়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনা আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৪৮ বছর। তার বাড়ি উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামে। তিনি চট্টগ্রাম বন্দরের লোড-আনলোডের শ্রমিক। তার দেহে এখনো জটিল মাত্রায় উপসর্গ নেই। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করা হয়।

স্থানীয়রা জানায়, আক্রান্ত ব্যক্তির বিভিন্ন উপসর্গ দেখা দিলে এলাকার লোকজন ৩/৪দিন আগে থেকে তাকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে আসছিল। নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোক আসবে শুনে কয়দিন আগে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। পরে তাকে বন্দরে ঢুকতে না দিলে তিনি বাড়ি ফিরে এসে হাসপাতালে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর পুরো গ্রাম লকডাউন করা হয়েছে। ওই গ্রামের প্রবেশপথে তল্লাশি চৌকি বসানো হয়েছে। লকডাউনের বিষয়ে মাইকিং করা হয়েছে। এছাড়া যারা রোগীর সংস্পর্শে এসেছিলেন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে।

ওই রোগীকে চিকিৎসা দেওয়া পল্লী চিকিৎসকের নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে। ওই ব্যক্তি নিজের বাড়িতে একটি কক্ষে অবস্থান করছেন। এ নিয়ে আরও কি করা যায়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।