করোনা আক্রান্ত সন্দেহে বেসরকারি হাসপাতাল ডায়ালিসিস করতে রাজি না হওয়ায় যশোর জেনারেল হাসপাতালের কোয়ারেন্টিনে থাকা এক কিডনি রোগী মারা গেছেন।
বৃহস্পতিবার ভোরে যশোর জেনারেল হাসপাতালের ডা. ওবায়দুল কাদির উজ্জ্বল তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, গত ১০ এপ্রিল চৌগাছা উপজেলার এক বাসিন্দা ভারত থেকে কিডনি রোগের চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও সরকারি নির্দেশনার কারণে তাকে হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। ওই রোগীর ডায়ালিসিসের প্রয়োজন ছিল। কিন্তু করোনার ভয়ে যশোরের কোনো বেসরকারি হাসপাতাল তার ডায়ালিসিসে রাজি হয়নি।
বুধবার রাতে ওই রোগীর রিপোর্ট পাওয়া যায়। দেখা যায়, তিনি করোনা নেগেটিভ। এরপর একটি বেসরকারি হাসপাতাল তার ডায়ালিসিস করতে সম্মত হয়। বৃহস্পতিবার সকালে তার ডায়ালিসিস করার কথা ছিল। কিন্তু ভোরেই তিনি মারা যান।