চট্টগ্রামের সীতাকুণ্ডু থানার গেটে গত বুধবার রাত থেকে বক্স বানিয়ে তাতে একটা মাইক্রোফোন স্থাপন করা হয়েছে। সেবাপ্রার্থীরা এ বক্সে দাঁড়িয়ে মাইক্রোফোনে কথা বলে নিজের সমস্যার কথা জানাবেন অন্তত ২৫ ফুট দূরে থাকা ডিউটি অফিসারের কাছে।
সব শুনে সেবাপ্রার্থীকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন ডিউটি অফিসার। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে এ অভিনব পদ্ধতি গ্রহণ করেছে চট্টগ্রামের সীতাকুণ্ডু মডেল থানা। সম্প্রতি সীতাকুণ্ডে দুজন করোনা আক্রান্ত হওয়ার পর এখানে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন সচেতন মহল নানান পদক্ষেপ নিচ্ছে। এরপরও অনেক ক্ষেত্রেই সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে না।
তাই সেবাপ্রার্থীদের আরও একটু সচেতন করতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নতুন এ উদ্যোগ নিয়েছে থানা। ওসি (ইন্টিলিজেন্স) সুমন বণিক বলেন, এখানে আসা সেবাপ্রার্থীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা থানার মূল ফটকে একটি বক্স করে সেখানে মাইক্রোফোন স্থাপন করেছি।