ত্রাণ আত্মসাৎ

সিরাজগঞ্জে মেম্বার আটক কুমিল্লায় চেয়ারম্যানের ভাতিজা গ্রেপ্তার

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে কর্মহীনদের সরকারি খাদ্য সহায়তা প্রকল্পের খাদ্যশস্য বিতরণে প্রতিদিনই অনিয়মের ঘটনা ঘটছে। সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা স্থানীয় জনপ্রতিনিধি, ওএমএস ডিলার এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীসহ অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে জেল-জরিমানা ও সংগঠন থেকে বহিষ্কারসহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হলেও থেমে নেই ত্রাণ বিতরণে অনিয়ম। গতকাল বৃহস্পতিবারও সিরাজগঞ্জ সদর উপজেলায় ১০ টাকা দরের সরকারি ১৫ বস্তা চালসহ আটক হয়েছেন এক ইউপি সদস্য। একই জেলার চৌহালির এক ইউপি সদস্যের বাড়ি এবং একটি দোকানে অভিযান চালিয়ে পুলিশ ১ হাজার ৯৫০ কেজি সরকারি চালসহ এক ব্যবসায়ীকে আটক করেছে। অন্যদিকে কুমিল্লার মুরাদনগরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে এক ইউপি চেয়ারম্যানের ভাতিজা গ্রেপ্তার হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে

সিরাজগঞ্জে চালসহ ইউপি সদস্য আটক : সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য আল-আমিন হোসেনকে পুলিশ ১০ টাকা কেজি দরের সরকারি ১৫ বস্তা চালসহ আটক করেছে। চালের বস্তাগুলো গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই ইউপি সদস্যের গাড়াদহ গ্রামের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, বাগবাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম এবং ইউপি সদস্য আল-আমিন হোসেন উদ্ধার করা চাল কালোবাজারে বিক্রির জন্য ইউপি সদস্য আল-আমিনের বাড়িতে লুকিয়ে রাখেন। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে বস্তাগুলো উদ্ধার করে পুলিশে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চালসহ ইউপি সদস্য আলা-আমিনকে আটক করে থানায় নিয়ে যায়।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালসহ ইউপি সদস্য আল-আমিনকে আটক করে।’ তবে চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এই চাল ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া হয়েছে। চাল চুরির ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম কুমার সরকার বলেন, ‘হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চালসহ ইউপি সদস্য আল-আমিনকে আটক করেছে পুলিশ। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।’

এদিকে চৌহালি উপজেলার খাস কাউলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামের বাড়ি ও জোতপাড়া বাজারের এক দোকানে গত বুধবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ১ হাজার ৯৫০ কেজি সরকারি চালসহ আবু বক্কর (৫০) নামে এক চাল ব্যবসায়ীকে আটক করেছে। ওই চাল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ফেয়ার প্রাইজ ও জিআরের বলে জানা গেছে।

চৌহালি থানার ওসি রাশেদুল হাসান বিশ্বাস বলেন, ‘বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল মালেকের উপস্থিতিতে আলাদা দুটি অভিযান চালানো হয়। এর মধ্যে জোতপাড়া বাজারে অভিযান চালিয়ে চাল ব্যবসায়ী আবু বক্করের দোকান থেকে ১ হাজার ৪৩০ কেজি এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইউপি সদস্য রফিকুল ইসলামের খাস কাউলিয়া দক্ষিণপাড়া গ্রামের বাড়ি থেকে ৫২০ কেজিসহ মোট ১৯৫০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।’

ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে কুমিল্লায় চেয়ারম্যানের ভাতিজা আটক : কুমিল্লার মুরাদনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানের ভাতিজা আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার বিকেলে গ্রেপ্তার করা আল আমিন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যানের ভাতিজা এবং পূর্বধইর পশ্চিম ইউনিয়নের ছাত্রলীগের সদস্য।

জানা যায়, গত মার্চ মাসে ৩৫৮ জন খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগী তাদের বরাদ্দকৃত চাল পায়নি বলে অভিযোগ ওঠে। এ নিয়ে এলাকাবাসীর পক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এসআর রহিম পারভেজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। পরে বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডিলার আল আমিনকে ৭ দিনের কারাদণ্ড এবং তার ডিলারশিপ বাতিলের প্রস্তাব করা হয়।