করোনাভাইরাসের সংক্রমণসহ সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ শুক্রবার দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে জানান, সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন। এ বিষয়ে বিএনপির একাধিক নেতা দেশ রূপান্তরকে জানান, বর্তমান পরিস্থিতিতে দেশে দুস্থ ও অসহায় মানুষ খুবই কষ্টে আছে। কাজ করতে পারছে না বলে ত্রাণের আশায় তারা এদিক-ওদিক ছুটছেন। এমন পরিস্থিতিতে পাশে না দাঁড়িয়ে তাদের জন্যই বরাদ্দ করা ত্রাণ স্থানীয় আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা লুট করছেন। করোনা মোকাবিলায় সরকারের মধ্যে কোনো সমন্বয় নেই। সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হবে। এর আগে গত ৪ এপ্রিল গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব করোনা দুর্যোগে বিভিণ্ণ শ্রেণি-পেশার ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৮৭ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনে সরকারের কাছে প্রস্তাব করেন। একই সঙ্গে তিনি দেশবরেণ্য অর্থনীতিবিদদের সমন্বয়ে একটি আপৎকালীন অর্থনৈতিক টাস্কফোর্স গঠনের পাশাপাশি মহামারীর কারণে বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাব্য মহাদুর্যোগ মোকাবিলায় বিএনপির সুনির্দিষ্ট ২৫টি প্রস্তাব তুলে ধরেন।