ত্রাণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন দুস্থ ও অসহায় মানুষ। এর মধ্যে কুড়িগ্রাম, মাদারীপুর, সাতক্ষীরা, চট্টগ্রাম ও ঢাকার ডেমরায় বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সারা দেশে ‘লকডাউন’ চলায় তারা কাজ হারিয়েছেন, কিন্তু সরকারের দেওয়া ত্রাণ তাদের ভাগ্যে জুটছে না। তাই তারা ত্রাণের সঠিক বণ্টন দাবি করেন।
ডেমরায় ত্রাণ দাবিতে শ্রমিকদের মানববন্ধন : রাজধানীর ডেমরায় গতকাল ত্রাণ দাবিতে মানববন্ধন করেছে সিএনজিচালক ও শ্রমিকরা। দুপুরে ডগাইর পূর্বপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। তারা ত্রাণসমাগ্রী পাওয়ার জন্য প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের কাছে আবেদন জানিয়েছেন। তাদের দাবি, এ দুর্যোগ মুহূর্তে খাদ্য সহায়তা না পেলে অনাহারে থাকতে হবে তাদের।
চট্টগ্রামে ত্রাণের জন্য বিক্ষোভ বস্তিবাসীর : নগরীতে দ্বিতীয় দিনের মতো ত্রাণের জন্য সড়কে নেমে বিক্ষোভ করেছে কর্নেলহাট এলাকার বস্তিবাসী। নগরীর বড়পুলেও সড়ক অবরোধ করে ত্রাণের জন্য বিক্ষোভ করে কয়েকশ মানুষ। এ বিষয়ে আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রায় দুইশর মতো মানুষ বিক্ষোভ করেছে। তাদের দাবি, করোনায় সরকারি ছুটির কারণে তাদের উপার্জন বন্ধ। এই অবস্থায় সরকারি কোনো ত্রাণ তারা পায়নি। ফলে অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে। আমরা তাদের বলেছি, স্থানীয় কাউন্সিলর যে তালিকা প্রস্তুত করছে, তারা যেন সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়। পাশপাশি আমরাও জেলা প্রশাসনকে এ বিষয়ে অবহিত করব। তারপর তারা সড়ক ছেড়ে চলে যায়।
খাদ্য পেতে কুড়িগ্রামে সড়ক অবরোধ : ত্রাণের দাবিতে গতকাল কুড়িগ্রামে উলিপুর-রাজারহাট সড়ক অবরোধ করে রাখেন কয়েকশ মানুষ। বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে, রাস্তায় শুয়ে তারা এই দাবি জানান। পরে উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা সেখানে যেয়ে ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ তুলে নেয়। সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ অবরোধ চলে।
এ ব্যাপারে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের দেশ রূপান্তরকে বলেন, সড়ক অবরোধ তুলে নিয়েছে আন্দোলনকারীরা। আগামীতে তাদের নাম তালিকায় থাকবে এই আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
খাদ্যের দাবিতে মাদারীপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ : মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের গরিব, অসহায় ও কর্মহীন মানুষ খাদ্যের দাবিতে বিক্ষোভ করেছেন। গতকাল সকালে মস্তফাপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে শ দুয়েক মানুষ এই বিক্ষোভ করে। মস্তফাপুর ইউনিয়ন চেয়ারম্যান কুদ্দুস মল্লিক জানান, আমাদের কাছে ত্রাণ আসলে তো আমরা ত্রাণ দেব। আসলে দেওয়া হবে।
খাদ্য সহায়তা পেতে সাতক্ষীরায় মিছিল ও বিক্ষোভ : খাদ্য সহায়তার দাবি জানিয়ে সাতক্ষীরায় বিক্ষোভ করেছে হাজারো মানুষ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ বিক্ষোভ করা হয়। এ বিষয়ে সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ত্রাণবঞ্চিত মানুষ মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করছে এমন সংবাদে সেখানে উপস্থিত হই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের ত্রাণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে তারা সেখান থেকে চলে যান।