জয়পুরহাটে এই প্রথম দুই করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত দুই ব্যক্তি নারায়ণগঞ্জ ফেরত এবং কালাই উপজেলার জিন্দারপুর এলাকার বাসিন্দা। দুজনের বয়স ৪৭ ও ৪২ বছর।
বৃহস্পতিবার করোনা শনাক্ত হওয়ার পর একজন বাড়িতে পালিয়েছিলেন। অপরজনকে রাতে আক্কেলপুরের হেলথ ইনস্টিটিউটের আইসোলেশন বিভাগে পাঠানো হয়।
অবশ্য পরে শুক্রবার সকালে পালানো ওই ব্যক্তিকে তার বাড়ির দুইতলা থেকে উদ্ধার করে স্থানীয় প্রশাসন। তাকেও ওই আইসোলেশন বিভাগে পাঠানো হয়েছে।
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রিয়াদ বলেন, ওই দুই ব্যক্তি জ্বর, সর্দি, কাশি নিয়ে দুদিন আগে চিকিৎসা নিতে আসলে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে নমুনার পজিটিভ রেজাল্ট আসে।
কালাই উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন বলেন, গত কয়েক দিন আগে নারায়ণগঞ্জ থেকে আক্রান্ত দুই ব্যক্তি তাদের নিজ বাড়ি কালাইয়ের জিন্দারপুরে আসেন। তারপর থেকে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে ওই দুই ব্যক্তির করোনার পজিটিভ রেজাল্টের খবর পেয়ে মেডিকেল টিম তাদের বাড়িতে উপস্থিত হয়। বিষয়টি টের পেয়ে এক রোগী লুকিয়ে ছিলেন। অপরজনকে আইসোলেশন বিভাগে পাঠানো হয়।
তিনি জানান, পরে শুক্রবার সকালে বাড়ির দুইতলায় লুকিয়ে থাকা অপর রোগীকে একই আইসোলেশন বিভাগে পাঠানো হয়।
আক্রান্ত দুই রোগীর স্ত্রীকেও ওই আইসোলেশন বিভাগের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।
জেলা সিভিল সার্জন সেলিম মিয়া বলেন, জয়পুরহাটে এখন পর্যন্ত ১৩৫ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ৮৫ জনের নমুনার রেজাল্ট নেগেটিভ ও দুজনের রেজাল্ট পজিটিভ আসে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ১০টা থেকে জয়পুরহাট জেলা লকডাউন করা হয়েছে।