ত্রাণ চাওয়ায় কৃষককে মারধরের ঘটনায় সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাটোরে সরকারি হটলাইন ‘৩৩৩’ নম্বরে ফোন করে ত্রাণ সহায়তা চাওয়ার কারণে শহিদুল ইসলাম নামে এক কৃষককে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টায় পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

এ বিষয়ে আজ দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

এর আগে ১৫ এপ্রিল ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী কৃষক শহিদুল ইসলাম।

জানা যায়, লালপুরের ৯ নং অর্জুনপুর বরমহাটি (এবি) ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়েন। গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরে গত ১০ এপ্রিল সরকারি হটলাইন নম্বর ৩৩৩তে ফোন করে খাদ্য সহায়তা চান।

এর দুইদিন পর (১২ এপ্রিল) স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার চৌকিদার দিয়ে তাকে ডেকে এনে মারধর করেন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।