নারায়ণগঞ্জ থেকে আসা ট্রলারের ৭৭ শ্রমিককে ফেরত

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে গতকাল শুক্রবার সকালে ট্রলারবোঝাই ৭৭ ইটভাটা শ্রমিককে ফেরত পাঠিয়েছে নৌপুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে তাদের নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলি এলাকায় ফেরত পাঠানো হয়। ট্রলারবোঝাই করে রাতের আঁধারে ইটভাটার ওই শ্রমিকরা দেশের দক্ষিণবঙ্গের নিজ নিজ বাড়িতে যাচ্ছিল।

মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. কবীর হোসেন খান জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলি এলাকার বিভিন্ন ইটভাটার ৭৭ শ্রমিক ট্রলারবোঝাই করে দক্ষিণবঙ্গের উদ্দেশে রওনা দেয়। পথে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ট্রলারবোঝাই শ্রমিকদের আটক করে নৌপুলিশ। পরে শুক্রবার সকালে ট্রলারবোঝাই ওই শ্রমিকদের নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলিতে ফেরত পাঠানো হয়। শ্রমিকদের মধ্যে ৩০ পুরুষ, ২২ নারী ও ২৫ জন শিশু রয়েছে।