দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে কর্মহীনদের সরকারি খাদ্য সহায়তা প্রকল্পের খাদ্যশস্য বিতরণে প্রতিদিনই অনিয়মের ঘটনা ঘটছে। সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা স্থানীয় জনপ্রতিনিধি, ওএমএস ডিলার ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীসহ অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে জেল-জরিমানা, সংগঠন থেকে বহিষ্কারসহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হলেও থেমে নেই ত্রাণ বিতরণে অনিয়ম। গতকাল শক্রবারও বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ আলীর দোকান থেকে ২৫৬ বস্তা সরকারি চাল উদ্ধার হয়েছে। এ ঘটনায় তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে পটুয়াখালীতে ওএমএসের চাল কালোবাজারে বিক্রির সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনী সদর উপজেলায় ভিজিএফের ৩ বস্তা চাল উদ্ধারের ঘটনায় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। গোপালগঞ্জে সাবেক এক ইউপি সদস্যকে ৩৪৫ কেজি সরকারি চালসহ আটক করেছে র্যাব। সিরাজগঞ্জে তিনটি বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ বস্তা চালসহ দুজনকে আটক করেছে পুলিশ ও প্রশাসন। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে সরকারি সহায়তার চাল উদ্ধার ও বিতরণে অনিয়মের খবর পাওয়া গেছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
বরিশালে আ.লীগ নেতার ৬ মাসের কারাদণ্ড : বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি এ কে এম ইউসুফ আলীর দোকান থেকে ২৫৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শক্রবার বেলা ১১টায় এই দণ্ডাদেশ দেয় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীর ভ্রাম্যমাণ আদালত। দণ্ড ঘোষণার পরপরই ইউসুফ আলীকে বিশেষ ব্যবস্থায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
জেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা ১১টায় বানারীপাড়া উপজেলা প্রশাসন স্থানীয় উত্তরপার বাজারের একটি নামবিহীন দোকান থেকে ২৫৬ বস্তা সরকারি চাল উদ্ধার করে। ওই দোকানে খাদ্য অধিদপ্তরের বস্তা খুলে চাল অন্য বস্তায় ভরা হচ্ছিল। এ সময় সেখানে উপস্থিত দোকান মালিক ইউসুফ আলী ভ্রাম্যমাণ আদালতের কাছে ওই চাল কাবিখার এবং তা অন্যত্র বিক্রির জন্য বস্তা পরিবর্তন করার বিষয়টি স্বীকার করেন।
দণ্ডপ্রাপ্ত ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, সলিয়াবাকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের কাছ থেকে সাড়ে ৭ মে. টন চাল তিনি কেনেন। ওই চাল উপজেলার ধারালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রকল্পের সভাপতি কুদ্দুস হাওলাদারের কাছ থেকে ইউপি সদস্য রফিকুল ইসলাম ওই চাল কিনে তার কাছে বিক্রির করেছেন।
খুলনায় ওএমএসের চাল উদ্ধার : খুলনার কয়রা উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ওএমএসের (১০ টাকা কেজি দরের চাল) চার বস্তা চাল উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলার চর গ্রামের মুর্শিদ আলমের বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় মুর্শিদ আলমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কয়রা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নূর ই আলম সিদ্দিকি। তিনি বলেন, মুর্শিদ আলমের বাড়ি থেকে উদ্ধার করা চার বস্তা (১২০ কেজি) চালের বস্তার গায়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি লেখা রয়েছে। এ ঘটনায় জড়িত ডিলারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মুর্শিদ স্থানীয় খাদ্য বিভাগের (ওএমএস) ডিলার বিল্লাল হোসেনের কাছ থেকে এ চাল কিনেছিলেন।
পটুয়াখালীতে ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৪ : পটুয়াখালীতে ওএমএসের চাল কালোবাজারে বিμির সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীমসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী বাজারে বিক্রির করার সময় ওএমএস ডিলার ইব্রাহীমসহ ওই চারজনকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। ইব্রাহীম ৩০ কেজি ওজনের ৩ বস্তা সরকারি চাল প্রতি বস্তা ২ হাজার ১০০ টাকায় বিক্রি করছেন স্থানীয়দের কাছ থেকে এমন সংবাদ পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জানড়বাতী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে চারজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার অন্যরা হলেন ইব্রাহীমের সহযোগী জাকির হোসেন ছানা, চাল ক্রেতা কালাম খান ও সোহাগ মুন্সি।
সিরাজগঞ্জে ৪৫ বস্তা চালসহ দুজন আটক : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ও বাগবাটি ইউনিয়নের তিন বাড়িতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সরকারি ৪৫ বস্তা চালসহ দুজনকে আটক করেছে পুলিশ ও প্রশাসন।
সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে খোকশাবাড়ি ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের হাসিনুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে সরকারি ১৮ বস্তা চালসহ তার ছেলে রাজু আহম্মেদকে আটক করা হয়। এরপর পাশের আকবর আলীর বাড়িতে অভিযান চালিয়ে সরকারি ১১ বস্তা চালসহ আকবর আলীকে আটক করা হয়। এ ছাড়া ওই দিন রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের নান্দিনা গ্রামের সংরক্ষিত ৩ নম্বর নারী আসনের সদস্য আছিয়া খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে সরকারি ১৬ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।
ফেনীতে ভিজিএফের চাল উদ্ধার, ইউপি সদস্য আটক : ফেনী সদর উপজেলার ধর্মপুর থেকে ভিজিএফের তিন বস্তা চাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শক্রবার সন্ধ্যায় স্থানীয় বটতলা বাজারের একটি দর্জি দোকান থেকে ওই চাল উদ্ধারের ঘটনায় স্থানীয় ইউপি সদস্যকে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশের ওসি এ এন এম নুরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ওই বাজারে অভিযান চালায়। এ সময় একটি দর্জি দোকান থেকে তিন বস্তা চাল উদ্ধার করা হয়। এ বিষয়ে ধর্মপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড মেম্বার নাছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।
ফটিকছড়িতে ডিলারসহ গ্রেপ্তার ৩ : চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে ওএমএসের ১২০ কেজি চালসহ সরোয়ার জাহান বাবুল নামে এক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় ধর্মপুর আজাদীবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, কার্ডধারী নয় এমন লোকের কাছে চুরি করে চাল বিμির সময় সন্দেহ হলে স্থানীয় লোকজন বিষয়টি প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম আকাশকে জানান। তিনি ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলে যান। পরে চাল চুরির অভিযোগ প্রমাণিত হলে সরোয়ার জাহান বাবুলসহ ঘটনার সঙ্গে জড়িত আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
গোপালগঞ্জে সাবেক ইউপি সদস্য আটক : গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মানড়বান শেখকে ৩৪৫ কেজি সরকারি চালসহ আটক করেছে র্যাব-৮। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা গ্রামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি থেকে সরকারি এসব চাল উদ্ধার করে র্যাব।
ফরিদপুরের দুই উপজেলায় চাল বিতরণে দুর্নীতির অভিযোগ : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করার পর চাল বিতরণ কার্যμম স্থগিত করে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ঘোষপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার খলিলুর রহমান বলেন, ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরের খাদ্যবান্ধব কর্মসূচির জন্য ইউপি চেয়ারম্যান মনগড়া তালিকা করে এসব নামের বিপরীতে চাল তুলে আত্মসাৎ করছেন। ওই ইউনিয়নে ১ হাজার ১৫৬ জনকে কার্ড দেওয়া হয়েছে। যার মধ্যে এক-তৃতীয়াংশ কার্ড সংশ্লিষ্টদের হাতে না দিয়ে ইউপি চেয়ারম্যান নিজেই চাল তুলছেন। এরপর অর্থবছর শেষ হওয়ার আগেই গত মার্চ মাসে তিনি আগের তালিকার এক-তৃতীয়াংশ নাম বাদ দিয়ে নিজের মনমতো নতুন নাম দিয়ে তালিকা করেন।