নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পূজা পরিষদ উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
শনিবার সকাল ১০টায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি আছেন অরুণ চন্দ্রের স্ত্রী ও ছেলে।
শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদ্যাপন পরিষদের সেক্রেটারি উত্তম সাহা।
উত্তম সাহা দেশ রূপান্তরকে জানান, এক সপ্তাহ আগে লালপুরের বাসিন্দা ফতুল্লা থানা পূজা উদ্যাপন পরিষদের সেক্রেটারি অরুণ চন্দ্র দাস, তার স্ত্রী ও ছেলে অসুস্থ অবস্থায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন।
তিনি জানান, আজ সকাল ১০টায় অরুণ চন্দ্র দাসের মৃত্যু হয়। তার স্ত্রী ও ছেলেও হাসপাতালে ভর্তি আছেন। অরুণ চন্দ্র দাসের মরদেহ দাহের প্রস্তুতি চলছে।
উত্তম সাহা বলেন, অরুণ চন্দ্র দাসের মৃত্যুতে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, আমরা গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তার স্ত্রী ও ছেলে যারা চিকিৎসাধীন আছেন তার জন্যও সকলের আশীর্বাদ কামনা করছি।