তথ্য চুরি করে নিষিদ্ধের খাতায় জুম অ্যাপ, বাজার ধরতে মরিয়া হোয়াটস অ্যাপ

জুম অ্যাপ ব্যবহারে সরকারি কর্মীদের সতর্ক করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই অবস্থা প্রায় সব জায়গাতেই। জুম অ্যাপের মাধ্যমে চুরি হতে পারে স্পর্শকাতর তথ্য, সাবধান করেছেন সাইবার বিশেষজ্ঞরা। তারপর থেকে অনেকেই জুম অ্যাপ আনইনস্টল করছেন। আর সেই বাজারটা ধরতেই এবার মাঠে নামল হোয়াটসঅ্যাপ। ভিডিও কলে একসঙ্গে অনেকজনকে নিয়ে কনফারেন্স কল করার সুবিধা যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ-এর পরবর্তী আপডেটের পর থেকেই এই সুবিধা নিতে পারবেন ব্যবহারকারীরা।

জুম অ্যাপের তুলনায় এমনিতেও হোয়াটসঅ্যাপ-এর ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। ফলে বাজার থেকে জুম অ্যাপের চাহিদা কমে যাওয়ায় সেই ব্যবহারকারীদের নিজেদের কাছে টানতে উদ্যোগী হোয়াটস্ অ্যাপ। ওয়্যাবটেইনফো ওয়েবসাইটের তথ্য অনুযায়ী প্রথমে অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে এই আপডেট এনে পরীক্ষা করবে সংস্থাটি। পরবর্তী পর্যায়ে তা মূল সংস্করণে যোগ করা হবে। এখনো পর্যন্ত সর্বোচ্চ চারজন গ্রুপ ভিডিও কল করতে পারেন হোয়াটসঅ্যাপ-এ। সেই সংখ্যাকে দ্বিগুণেরও বেশি করা হতে পারে বলে জানা গিয়েছে। তা ছাড়া হোয়াটসঅ্যাপ-এর ইউজার ইন্টারফেস সহজ হওয়ায় তা ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।

জুম-এ তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পর থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে অন্যান্য অ্যাপগুলি নিয়েও। সেই দিকটি মাথায় রেখে ভয়েস কলে অ্যান্ড এনক্রিপশন থাকার নোটও পরবর্তী আপডেটে যোগ করবে সংস্থা। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, এর মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে মেসেজ বা কলের সময়ে সেটি আর কারও পক্ষে দেখা হচ্ছে না, সেই আশ্বাসই দেওয়া হচ্ছে।