সাভারের আশুলিয়ায় মাদক সেবনে বাধা দেয়ায় ঘুমন্ত বড় ভাই জাহাঙ্গীর আলম (৩৫) কে এসিড নিক্ষেপ করেছে আপন ছোট ভাই জাহিদুল ইসলাম (২৪)। শুধু তাই নয়, পরে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর থেকে জাহিদুল ইসলাম পলাতক রয়েছে।
শনিবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতের সাথে কথা বলে বিস্তারিত জানা যায়। এর আগে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন সকালে আশুলিয়ার রণস্থলে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত জাহাঙ্গীর আলম আশুলিয়ার শিমুলিয়া ইউপির রণস্থল বাইনটেকি এলাকার ওহাদ আলী বেপারীর ছেলে এবং পলাতক জাহিদুল ইসলাম আহতের ছোট ভাই।
হাসপাতালের বেডে জাহাঙ্গীর বলেন, বেশ কিছুদিন ধরে তার ছোট ভাই জাহিদুল ইয়াবা সেবন শুরু করে। বিষয়টি লোক মারফত জানতে পেরে তাকে মৌখিকভাবে শাসন করি। এরই জের ধরে পহেলা বৈশাখের সকালে নিজ কক্ষে ঘুমাচ্ছিলেন জাহাঙ্গীর। এ সময় তার স্ত্রী ও ৭ বছরের ছেলে ঘরের বাইরে ছিল। হঠাৎ ছোট ভাই জাহিদুল ঘরের ভেতরে ঢুকে প্রথমে এসিড নিক্ষেপ করে এবং পরে হাতে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে জাহিদুল পালিয়ে যায়।
আহতের স্ত্রী জুলিয়া বেগম জানান, ‘ঘটনার দিন সকালে আমি ও আমার শাশুড়ি রান্না ঘরে ছিলাম। হঠাৎ আমার স্বামীর চিৎকার এগিয়ে যাই এবং জাহিদুলকে ছুরি হাতে পালিয়ে যেতে দেখি। পরে স্থানীয়দের সহায়তায় আমার স্বামীকে উদ্ধার করে প্রথমে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিষেশায়িত হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। আমার স্বামীর জ্ঞান ছিলো না তাই হাসপাতাল থেকে বের হতে পারিনি। আরেকটু পরিস্থিতি ভাল হলে এ ব্যাপারে থানায় অভিযোগ করবো’।