কুষ্টিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড চৌড়হাঁস ক্যানালপাড়ার কর্মহীন কয়েকশ দুস্থ ও দরিদ্র মানুষ সরকারি খাদ্য সহায়তার দাবিতে জেলা প্রশাসন ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে তারা ঘণ্টাব্যাপী অবস্থান করেন।
পরে জেলা প্রশাসক মো. আসলাম হোসেন তালিকা করে খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দেবেন আশ্বাস দিলে তারা চলে যান।
আন্দোলনকারীরা জানান, ‘করোনা প্রতিরোধে সরকার তাদের ঘরে থাকতে বলেছে। কিন্তু কাজ করতে না পেরে ঘরে খাবার নেই। বাল-বাচ্চা নিয়ে না খেয়ে কষ্টে দিন পার করছেন। এজন্য বাধ্য হয়ে আন্দোলনে এসেছেন তারা।’
হোটেল শ্রমিক খাদিজা খাতুন বলেন, ‘টিভিতে দেখলাম ডিসি সায়েপ কুষ্টিয়ায় তিন লাক লোকের রিলিপ দেচে; তালি আমরা কি তিন লাকের বাইরে? যেকেনে কাজ করতাম তারাও কোনো খোঁজ ল্যেই না, কমিশনাররাও দ্যাকে না। প্যাটে পাতর বাইদি আর কতকন ঘরের ভিতরে বসি থাকি তো ক্ষিদি মেটে না, দেখি আইজ ডিসি স্যারের একেনে কিছু হয় কি না?’
পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফ-উল-হক মুরাদ বলেন, ‘চৌড়হাঁস ক্যানালপাড়ায় ৮০ জনকে ত্রাণ দেওয়া হয়েছে। এদের স্বভাবই এমন ত্রাণ পাক বা না পাক এমন কথাই বলবে। পর্যায়ক্রমে প্রত্যেককে ত্রাণ দেওয়া হবে।’
জেলা প্রশাসক বলেন, ‘অভিযোগকারীদের ভোটার আইডি কার্ড জমা নেওয়া হয়েছে। পর্যায়μমে তাদের সবাইকে খাদ্য সহায়তা দেওয়া হবে।’