করোনা চিকিৎসায় সরকার হেঁয়ালিপনা করছে : রিজভী

দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চিকিৎসা ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে সরকার হেঁয়ালিপনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ। গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ অভিযোগ করেন।

সরকারের উদ্দেশে রিজভী বলেন, মানুষের জীবন নিয়ে জুয়া খেলবেন না। দেশে ভয়াল পরিস্থিতি বিরাজ করছে। সারা বাংলাদেশে করোনার কোনো চিকিৎসাই হচ্ছে না, চারদিকে মানুষের কেবলই আর্তনাদ শোনা যাচ্ছে। ‘ত্রাণ নিয়ে এবার আরও ভয়ংকর দলীয়করণ ও লুটপাটের মহামারী শুরু হতে যাচ্ছে’ এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সারা দেশে ত্রাণ কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীনরা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আওয়ামী লীগ ত্রাণের তালিকা করবে। এটি স্থানীয় প্রশাসনকে দেবে। স্থানীয় প্রশাসন তালিকাটি যাচাই-বাছাই করবে।’ তার মানে এই তালিকায় কেবল আওয়ামী লীগ করা লোকজনের ঠাঁই হবে। ত্রাণও পাবে তারাই।

রিজভী বলেন, যে সরষের মধ্যে ভূত সেখানে তাদেরকেই যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে কাদের পক্ষ নিয়েছে তা স্পষ্ট বোঝা যায়। আমরা এ বিষয়ে গভীরভাবে উদ্বিগড়ব ও আশঙ্কা বোধ করছি যে, ত্রাণ কার্যক্রমে এই দলীয় কমিটির কারণে চাল চুরি আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, দলীয় তালিকা করে দলের লোকজন খাবে আর অন্যরা না খেয়ে মরবে। এটা হলে দুর্ভিক্ষ আরও ত্বরান্বিত হবে বলে আমরা মনে করি। অবিলম্বে আওয়ামী লীগকে দিয়ে ত্রাণের তালিকা করার সিদ্ধান্ত বাতিল করতে হবে।