বিএনপি পরামর্শের নামে ফায়দা লোটার চেষ্টায় : কাদের

করোনাভাইরাস মোকাবিলা নিয়ে বিএনপি নেতারা সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শের নামে বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শনিবার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন, তখন সব দিক বিবেচনা করে সবার স্বার্থ অক্ষুণড়ব রেখে এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রাধান্য দিয়ে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর সব মহলেই প্রশংসিত হয়েছে। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এখন বিরোধিতার খাতিরে বিরোধিতা, সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য বিএনপি প্রণোদনা প্যাকেজ নিয়ে বিরূপ মন্তব্য করতে শুরু করেছে। এই মানবিক ক্রান্তিকালে একজন রাজনৈতিক নেতার কাছে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য আশা করি না। জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপি বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে অভিযোগ করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জনগণের পাশে দাঁড়িয়ে বৈশি^ক মহামারী প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এই দুর্যোগের মধ্যে রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হতে চাই না। তারপরও বিএনপি নেতারা ঘরবন্দি খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে একের পর এক মিথ্যাচার বিভ্রান্তিমূলক মন্তব্য করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। করোনাভাইরাস মোকাবিলায় বিএনপির ‘জাতীয় টাস্কফোর্স’ গঠনের দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘জাতীয় টাস্কফোর্স’ গঠনের আহ্বান জানিয়েছেন। কিন্তু করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে জাতীয় কমিটি গঠন করেছেন। এই মুহূর্তে জাতীয় টাস্কফোর্স গঠনের প্রয়োজন কি, যেখানে প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়ে জাতীয় কমিটি গঠন করেছেন এবং সেই কমিটি করোনাভাইরাস প্রতিরোধে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, যুক্তরাজ্য সরকার টাস্কফোর্স গঠন করেছে নতুন ভ্যাকসিন আবিষ্কারের জন্য; যুক্তরাষ্ট্রেও করোনাভাইরাস মেডিকেল টাস্কফোর্স গঠিত হয়েছে। মির্জা ফখরুল জাতীয় টাস্কফোর্স বলতে কী বোঝাতে চান? জাতীয় টাস্কফোর্স গঠনের দ্বারা তিনি কী বোঝাতে চেয়েছেন, এটা তিনি পরিষ্কার করেননি।