চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড় ৭টার দিকে রোগীর মৃত্যু হয় বলে জানিয়েছেন বিআইটিআইডি এর পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী।
তিনি বলেন, ৫৫ বছর বয়সী ওই রোগী শনিবার বিকেলে হাসপাতালে ভর্তি হয়।
এদিকে, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বিআইটিআইডি হাসপাতালে ভর্তি হওয়া ওই রোগী নগরীর পাহাড়তলী থানাধীন মুরগির ফার্ম এলাকার বাসিন্দা। ওই রোগী করোনার উপসর্গ নিয়ে শনিবার ভর্তি হয়েছিল। ভর্তির পরেই তার নমুনা সংগ্রহ করা হয়।
তিনি আরও বলেন, আইসোলেশন ইউনিটে মারা যাওয়া ওই রোগী সর্দি কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট আসলে জানা যাবে করোনা পজিটিভ কিনা।
এই পর্যন্ত চট্টগ্রামের জেনারেল হাসপাতালে ২৭ জন রোগী আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে। এদের মধ্যে ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী। অপরদিকে ফৌজদারহাট বিআইটিডিতে ৮ জন রোগী ভর্তি। তাদের মধ্যে করোনা আক্রান্ত ৪ জন চিকিৎসাধীন রয়েছে জানান সিভিল সার্জন।
উল্লেখ্য, চট্টগ্রামে এই পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫ জন। এরমধ্যে মোট ৫ জন আক্রন্ত রোগী মারা যায়।