সরকারি চাল আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৪বছর ধরে ওএমএস বা ১০ টাকা কেজি দরের চাল উত্তোলন এবং তা তালিকাভূক্ত দুস্থদের না দিয়ে আত্মসাত করার দায়ে আদালতে স্ব-প্রণোদিত মামলা হয়েছে। 

রবিবার কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সেলিনা খাতুন এর আদালতে মামলাটি হয়েছে। 

আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার ১৪নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ^াস ও তার সহযোগীদের যোগসাজসে বিগত চার বছর ধরে গরীব দুস্থদের জন্য সরকার নির্ধারিত খাদ্য সহায়তা প্রকল্পের ১০টাকা কেজি দরের সরকারি চাল উত্তোলন ও তা তালিকাভূক্তদের না দিয়ে তা আত্মসাত করেছেন এমন খবর স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা কুষ্টিয়ার বিজ্ঞ আদালতরে দৃষ্টিগোচর হয়। 

হিসেব মতে, উল্লেখিত সময়কালে ৮শ কার্ডের অনুকূলে বরাদ্দকৃত প্রায় ৬শ মেট্টিক টন চাল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। ইহা একটি ফৌজদারী অপরাধ। 

অভিযুক্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ^াস মুঠোফোলে আলাপকালে বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সরকারি চাল আত্মসাৎ করেছি বলে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ ছেপেছেন। পরে তারাই আবার আমার কাছে এসে মিমাংশা করে গেছেন। তবে আমার বিরুদ্ধে এ বিষয়ে আদালতে মামলা হয়েছে কিনা তা জানি না।

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মমকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সরকারি চাল আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে ইস্যুকৃত বিজ্ঞ আদালতের আদেশটি এখনও হাতে পাইনি। হাতে পেলে বিজ্ঞ আদালত নিদের্শিত প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।