করোনার সুযোগে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ বুকিদের!

করোনাভাইরাসের কারণে খেলাধুলা থেমে থাকলেও থেমে নেই বুকিরা! বরং এই সময়টাতে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে তারা। স্বয়ং আইসিসির দুর্নীতি দমন ইউনিট এমন ধারণা পোষণ করছে। আর তাই যথাযথ পদক্ষেপ নিতেও তৎপর হয়েছে তারা।

করোনাভাইরাসের কারণে বিশ্বের বেশির ভাগ দেশেই কার্যত লকডাউন চলছে। খেলোয়াড়রা রয়েছেন গৃহবন্দী। মাঠে খেলা নেই, অনুশীলনও নেই। স্বাভাবিকভাবেই খেলোয়াড়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আগের চেয়ে বেশি সক্রিয়।

আর এই সুযোগটাই কাজে লাগাতে মরিয়া বুকিরা। তারা যোগাযোগ তৈরির চেষ্টা করে যাচ্ছে ক্রিকেটারদের সঙ্গে। যাতে ক্রিকেটার এবং তাদের পরিবারের সদস্যদের ভবিষ্যতে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া যায়।

আইসিসির দুর্নীতি দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শাল বলছেন, ‘আমরা দেখছি দুর্নীতিবাজরা এই সময়টাকে ব্যবহার করছে। সোশ্যাল মিডিয়ায় আগের থেকে অনেক বেশি পরিমাণ চেষ্টা করছে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করার। ক্রিকেটারদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার চেষ্টা করছে ওরা। যাতে পরে এই ক্রিকেটারদের দুর্নীতির প্রস্তাব দেওয়া যায়।’

আইসিসি বলছে, সদস্য দেশগুলোর সঙ্গে ইতিমধ্যেই এ নিয়ে আলোচনা হয়েছে। ক্রিকেটারদেরও অনুরোধ করা হয়েছে সতর্ক থাকতে।