কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান কর্তৃক ৪ বছর ধরে ওএমএস বা ১০ টাকা কেজি দরের চাল উত্তোলন এবং তা তালিকাভুক্ত দুস্থদের না দিয়ে আত্মসাৎ করার অভিযোগে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতের স্বপ্রণোদিত মামলা হয়েছে।
গতকাল রবিবার দুপুর ১টায় কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতের আদেশের কপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস সহযোগীদের যোগসাজশে চার বছর ধরে দুস্থদের জন্য সরকার নির্ধারিত খাদ্য সহায়তা প্রকল্পের ১০ টাকা কেজি দরের চাল উত্তোলন ও তা দুস্থদের না দিয়ে আত্মসাৎ করেছেন এমন সংবাদ স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা আদালতের দৃষ্টিগোচর হয়।
ওই সংবাদে জানা যায়, লকডাউনের মধ্যে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে কি না তা সংশ্লিষ্ট প্রশাসনের পর্যক্ষেণকালে এই চাল আত্মসাতের বিষয়টি প্রকাশ্যে আসে।