নিত্যপণ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিতে ব্যাংকসেবার নির্দেশ

করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময়ে নিত্যপণ্যসহ দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর উৎপাদন, পরিবহন ও সরবরাহ চেইন অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যাংকিং সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য সরাসরি আমদানিকারকের মাধ্যমে প্রাপ্ত ডকুমেন্টের বিপরীতে পণ্য ছাড় করার পাশাপাশি আমদানি দায় পরিশোধের বিলম্ব না করতে গতকাল এ নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে এমন নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, অনেক ক্ষেত্রে ব্যাংকগুলোর শাখা বন্ধ থাকায় আমদানিকারককে বন্দরে পণ্য খালাস করতে সমস্যায় পড়তে হচ্ছে।

একই সঙ্গে প্রয়োজনীয় আমদানি ডকুমেন্ট আমদানিকারক হাতে পেলেও ব্যাংক অনেক ক্ষেত্রে পণ্য ছাড়করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোকে আমদানি ও রপ্তানিকারকদের সার্বিক সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল জারি করা এ-সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে, পণ্য খালাস করতে প্রয়োজনীয় ব্যাংকিং সহযোগিতা দিতে হবে আমদানিকারককে। এ জন্য সরাসরি আমদানিকারকের মাধ্যমে প্রাপ্ত ডকুমেন্টের বিপরীতে পণ্য ছাড় করার পাশাপাশি আমদানি দায় পরিশোধে বিলম্ব না করতে বলা হয়েছে।

এর আগে গত ১৬ মে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পণ্যমূল্য স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকসহ সরকারের বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা দিতে অনুরোধ জানায় বাণিজ্য মন্ত্রণালয়। ওই চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ভোজ্যতেল, হ্যান্ড স্যানিটাইজার, শিশুদের ব্যবহার্য পণ্যসামগ্রী উৎপাদন, বিভিন্ন প্রসাধনসামগ্রী উৎপাদন, আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান। করোনার প্রাদুর্ভাবজনিত প্রেক্ষাপটে ওই সব পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এর উৎপাদন, পরিবহন ও সরবরাহ চেইন অব্যাহত রাখা একান্ত আবশ্যক। এমন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর উৎপাদন, আমদানি, রপ্তানি, পণ্য খালাস, পণ্য পবিহনব্যবস্থা যথাযথ রাখতে প্রয়োজনীয় ব্যাংকিং সহযোগিতা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।