করোনার মতো সংকটে ডিজিটাল ব্যাংকিংয়ের বিকল্প নেই

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী সংকটের সময়ে ডিজিটাইজড ব্যাংকগুলোই গ্রাহকসেবায় বেশি এগিয়ে। তাই আগামীতে যেকোনো সংকট মোকাবিলায় ডিজিটাল ব্যাংকিংয়ের বিকল্প নেই বলে মনে করছেন বেসরকারি প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) রাহেল আহমেদ। গতকাল রবিবার প্রাইম ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে ভিডিও কনফারেন্সে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। বলেন, এ ধরনের সংকট আমাদের আগামীতে ব্যাংকের বড় বড় শাখা খোলার চিন্তা থেকে বেরিয়ে আসার শিক্ষা দেয়। ছোট ছোট শাখা, বুথ ও এজেন্ট ব্যাংকিংয়ে নজর দিতে হবে।

ডিজিটাল ব্যাংকিংয়ে জোর দিতে হবে। এখন আমরা দেখছি যে যত বেশি ডিজিটাল সেবা দেবে তারা তত এগিয়ে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, ১ এপ্রিল থেকে ঋণের সুদহার ৯ শতাংশে আনা হয়েছে। এই বছর আরও ২-৩টি পণ্য আনতে যাচ্ছে প্রাইম ব্যাংক। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পণ্যগুলোর উদ্বোধন করা হবে বলে জানান তিনি। ব্যাংকটির সিইও বলেন, ‘আমাদের লেনদেন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ ছাড়া তারল্য সংকট নেই। বর্তমানে ঋণ আমানতের রেশিও (এডিআর) ৮২ শতাংশ; যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমার অনেক কম।’ এক প্রশ্নের উত্তরে প্রাইম ব্যাংকের ডিএমডি হাবিবুর রহমান জানান, করোনাভাইরাসের কারণে ব্যাংক খাতের ক্ষয়ক্ষতি নিরূপণের সময় এখনো আসেনি। প্রাদুর্ভাব শেষ হলে এটা বোঝা যাবে। তবে চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করবে প্রাইম ব্যাংক।