ভাড়া দিতে না পারায় বের করে দিলেন বাড়িওয়ালা

ভাড়া দিতে না পারায় তিন শিশুসহ এক দম্পতিকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগানের এক বাড়ির মালিকের বিরুদ্ধে। গত শনিবার মধ্যরাতে ওই দম্পতিকে বের করে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে কলাবাগান থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

কুলসুম-সেলিম দম্পতি জানান, তারা প্রতি মাসে ভাড়া পরিশোধ করেন। বর্তমান পরিস্থিতিতে এক মাসের ভাড়া বকেয়া পড়েছে। এতে বাড়িওয়ালার কাছে অনেক অনুনয় করেছেন। কিন্তু বাড়িওয়ালা তাদের কোনো কথা শোনেননি। পরে বাড্ডায় এক স্বজনের বাসায় ঠাঁই হয় তাদের।

কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, শনিবার রাতে বাড়ির মালিক সম্পা আক্তার থানায় মৌখিকভাবে অভিযোগ করেন তার ভাড়াটিয়া তাকে মারধর করছেন। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এর কোনো সত্যতা পায়নি। ভাড়াটিয়াকে তিনি বাসা থেকে বের করে দেওয়ার জন্য  পুলিশের কাছে এই অভিযোগ করেন। বাড়ির মালিককে অনুরোধ করা হয় রাতে ভাড়াটিয়াকে বের না করে দিতে। দিনের বেলায় পুলিশ বিষয়টি দেখবে। এরপর পুলিশ চলে আসার পর ওই দম্পতিকে বের করে দেওয়া হয়।

তবে বাড়ির মালিক সম্পা আক্তার বলেন, ওরা ভাঙচুর করেছে। মারপিট করেছে। আমার আব্বা সচিবালয়ে চাকরি করেন, ভাই র‌্যাবে চাকরি করেন। তাদেরকে জিজ্ঞেস করেন কেন বের করে দিয়েছে।