টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাফর আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বিজিবি বলছে, গতকাল রবিবার ভোররাত ৪টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার নয়াপাড়া গ্রামের বাসিন্দা জাফর চিহ্নিত ইয়াবা পাচারকারী ছিলেন।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে একটি নৌকা শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় ভিড়তে চেষ্টা করে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা ইয়াবা পাচারকারী সন্দেহে তল্লাশির জন্য সেটি থামার সংকেত দিলে নৌকা থেকে গুলি চালানো হয়। আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছুড়লে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ জাফরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নৌকায় তল্লাশি চালিয়ে দুই লাখ ইয়াবা ও একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়ে বিজিবি কর্মকর্তা ফয়সল আরও বলেন, টেকনাফ থানা পুলিশের মাধ্যমে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করেছে।