ঠাকুরগাঁওয়ে ‘ত্রাণের অনিয়ম নিয়ে’ সংবাদ প্রকাশের পর বিডিনিউজ ও জাগো নিউজের সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিবৃতিতে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেছেন, ‘এই মামলার মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের গণবিরোধী চেহারা বেড়িয়ে এসেছে। করোনা মধ্যে এই মামলা সমগ্র গণমাধ্যমকেই অশুভ বার্তা দিল।’ গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে দুই সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তিনি।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশসহ বিশ^ব্যাপী মহামারী রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বর্তমান দুর্যোগকালীন একটি সংবাদ প্রকাশের জের ধরে গত শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এবং জাগো নিউজ টোয়েন্টি ফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘দুই সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার মাধ্যমে আবারও এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করল। অসৎ উদ্দেশ্যে নিজেদের তৈরি করা আইন দিয়ে গণমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্য এখন বাস্তবায়িত হচ্ছে। সত্যকে মিথ্যার প্রলেপ দিয়ে ঢাকতেই সরকারের এই নীলনকশা।’
তিনি বলেন, মূলত সত্য প্রকাশে সরকার এতটাই শঙ্কিত যে গণমাধ্যমকে এই মামলা প্রদানের মাধ্যমে আগাম সতর্ক করা হলো। সরকারের গণভিত্তি নেই বলেই সত্য সংবাদ পরিবেশনে যারা নির্ভীক তাদের ওপর হামলা-মামলা শুরু হয়েছে। তবে সত্যকে লুকানোর চেষ্টা করা হলে তার পরিণতি ভালো হয় না; বরং আলোচনা-সমালোচনার মধ্য দিয়েই সংকটের মাত্রা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়।