সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আত্মগোপণে চলে যাওয়া যুবককে (৩৫) শেষ পর্যন্ত খুঁজে বের করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে তাকে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। ওই যুবক পেশায় একজন টমটম চালক। তার বাড়ি সিলেট সদর উপজেলার খাদিমপাড়ায়।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক ডা. আনিছুর রহমান জানান, পেশায় গাড়ি চালক ওই যুবক করোনা উপসর্গ অনুভব করে নিজ থেকেই পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করে। এরপর তার নমুনা সংগ্রহ করা হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগারে পরীক্ষা শেষে গত রবিবার নিশ্চিত হওয়া যায় ওই যুবক করোনায় আক্রান্ত। বিষয়টি জানার পর ওই যুবক আত্মগোপণ করেন। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ রবিবার রাতে এলাকায় ব্যাপক অনুসন্ধান চালিয়ে ওই যুবককে খাদিমপাড়ার টিকরপাড়ায় তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে। সোমবার ভোরে তাকে শামসুদ্দীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডা. আনিছুর রহমান আরো জানান, ওই যুবকের শ্বশুরবাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তার সংস্পর্শে আসা ৮ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
শাহপরাণ থানার ওসি আবদুল কাইয়ুম জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনের সহযোগিতায় রবিবার মধ্যরাতে ওই যুবককে খুঁজে বের করা সম্ভব হয়। সে খাদিমপাড়ার টিকরপাড়ায় শ্বশুরবাড়িতে থেকে টমটম গাড়ি চালায়। তার শ্বশুরবাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।