চার মাস বেতন পান না সাকিবের কাঁকড়া হ্যাচারির শ্রমিকরা, বিক্ষোভ

তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেড নামের কাঁকড়া হ্যাচারির শ্রমিকরা গত চার মাস ধরে বেতন পান বলে অভিযোগ পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে ‘লকডাউনের’ মধ্যেই বকেয়া বেতনের দাবিতে সোমবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেড নামের কাঁকড়া হ্যাচারির শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল বলেন, তিন/চার মাস ধরে বেতন না পেয়ে সাকিব এগ্রো ফার্ম’র শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে হ্যাচারির সামনে জড়ো হন এবং পাওনা বেতনের দাবিতে বিক্ষোভ করেন। পরে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় র‌্যাব ক্যাম্পের সদস্যদের হস্তক্ষেপে তারা ফেরত গেলেও, বিক্ষুব্ধ শ্রমিকরা ৩০ এপ্রিলের মধ্যে সমুদয় পাওনা পরিশোধের জন্য আলটিমেটাম দিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী আশিক সবুজ জানান, একাধিকবার সময় নিয়েও বেতন না দেয়ায় আজ সকালে আন্দোলনে শুরু করেন প্রায় দুই শতাধিক শ্রমিক। তবে, সামাজিক দূরত্ব বজায় না রেখে আন্দোলন করায় র‌্যাবের একটি টহল টিম আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেয়।

সাকিব আল হাসানের হ্যাচারির শ্রমিক মহিদুল ইসলাম জানান, গত চার মাস যাবৎ আমাদের কোনো বেতন দেয়া হয় না। করোনা প্রাদুর্ভাবে কঠিন অবস্থায় দিন কাটাতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাড়িতে কোনো খাবার নেই।

নারী শ্রমিক মনোয়ারা জানান, অসহায় হয়েই সাকিবের কাঁকড়া ফার্মে কাজ করি। কিন্তু গত ৪ মাস বেতন বন্ধ। করোনা পরিস্থিতিতে ঘরে খাবার নেই। না খেয়ে দিন কাটাচ্ছে ছেলে-মেয়েরা।

শ্রমিক রহিমা বেগম জানান, অভাবের তাড়নায় তার হ্যাচারিতে কাজ করি। অথচ ঠিকমতো বেতন না দেয়ায় খুবই কষ্টে আছি।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। ফার্ম কর্তৃপক্ষ বিক্ষোভরত শ্রমিকদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে বেতন পরিশোধ করবেন বলে জানিয়েছেন।

তবে, সাকিব আল হাসানের কাঁকড়া ফার্ম প্রজেক্টের তত্ত্বাবধায়ক সগীর হোসেন পাভেলের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।