মানসম্মত পিপিইর অভাবেই আক্রান্ত ২৫ চিকিৎসক!

করোনাভাইরাস আক্রান্তের হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে কিশোরগঞ্জকে। যতই দিন যাচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে করোনাভাইরাসে আক্রান্তদের তালিকা। সবচেয়ে আশঙ্কার দিক হচ্ছে এখানে ব্যাপকহারে আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা। গতকাল সোমবার পর্যন্ত জেলায় মোট ২৫ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এ ছাড়া নার্স, পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের তালিকাও দীর্ঘ। এ পরিস্থিতিতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন স্বাস্থ্যকর্মীরা। ফলে জেলার পুরো চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এর কারণ হিসেবে সংশ্লিষ্টরা চিহ্নিত করেছেন স্বাস্থ্যকর্মীদের মানসম্মত পিপিই না পাওয়ার। চিকিৎসকদের নিম্মমানের পিপিই ব্যবহারেই এমনটি হচ্ছে বলে তাদের ধারণা।

কেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন, বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থায় কোনো ত্রুটি রয়েছে কি না তা খতিয়ে দেখা দরকার। কেউ কেউ বলছেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বরাদ্দ পিপিইগুলো মানসম্মত কি না, তা যাচাই করা প্রয়োজন।