দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে কর্মহীনদের সরকারি খাদ্য সহায়তা প্রকল্পের খাদ্যশস্য বিতরণে প্রতিদিনই অনিয়মের ঘটনা ঘটছে। ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা স্থানীয় জনপ্রতিনিধি ও ওএমএস ডিলারের জেল-জরিমানা এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কারসহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হলেও থেমে নেই ত্রাণ বিতরণে অনিয়ম। গতকাল সোমবারও দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি খাদ্য সহায়তার ৩৩৪ বস্তা চাল উদ্ধার এবং তিনজনকে আটকের খবর পাওয়া গেছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
জামালপুরে ১৮৫ বস্তা সরকারি চাল জব্দ : জামালপুরের ইসলামপুরে এক ব্যবসায়ীর গুদাম থেকে ১৮৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলার গুঠাইল বাজারে নন্দু নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, গুঠাইল বাজারের ব্যবসায়ী নন্দুর গুদামে সরকারি চাল মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে ৫০ কেজি ওজনের ১৮৫ বস্তায় মোট ৯ হাজার ২৫০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। গুদাম মালিক নন্দু পলাতক রয়েছেন।
লালমনিরহাটে ১২০ বস্তা চাল উদ্ধার, আটক ১ : লালমনিরহাটের হাতীবান্ধার সিন্দুর্না থেকে সরকারি ১২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর ৩টার দিকে ওই চাল উদ্ধার করা হয়েছে বলে হাতীবান্ধা থানা পুলিশ জানায়। এ সময় দুখু মিয়া নামের এক ট্রলিচালককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সিন্দুর্না ইউনিয়নের লোকমান হোসেন উচ্চবিদ্যালয় সংলগ্ন একটি গোডাউন থেকে এসব চাল উদ্ধার করা হয়। রবিবার রাতে চাল ব্যবসায়ী শাহজাহান আলীর ভাড়া করা গোডাউনের সামনে একটি ট্রলি এসে দাঁড়ালে স্থানীয় মানুষের মনে সন্দেহ দেখা দেয়। এ সময় তারা গোডাউনটি ঘিরে রেখে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। খবর পেয়ে ইউএনও হাতীবান্ধা থানা পুলিশ নিয়ে গোডাউনের তালা ভেঙে ১২০ বস্তা চাল উদ্ধার করেন। এ সময় ট্রলিচালক দুখু মিয়াকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। তবে গোডাউন মালিককে আটক করতে পারেনি পুলিশ।
শাহজাদপুরে ৩৫৭ কেজি চালসহ ডিলার আটক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নে ৩৫৭ কেজি চালসহ ডিলার আলাউদ্দিনকে (৫০) আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে তাকে আটক করা হয়। ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এলাকাবাসী কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের শাস্তির দাবিতে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহার সামনেই শাহজাদপুর-কৈজুরি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ইউএনও কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
পটুয়াখালীতে চালসহ আটক ১ : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সরকারি চালসহ আইয়ুব আলী (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে সদর ইউনিয়নের জুগিরহাওলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে ৮ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। আইয়ুব আলী জুগিরহাওলা গ্রামের আলী আকবর ডাক্তারের ছেলে।
পূর্বধলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৯ বস্তা চাল জব্দ : নেত্রকোনার পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের দেবকান্দা থেকে গতকাল সোমবার বিকেলে কালোবাজারে বিক্রি হওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছেন এলাকাবাসী।
জানা যায়, স্থানীয় জামধলা বাজার থেকে গতকাল বিকেল ৫টার দিকে একটি ইজিবাইকে করে একই ইউনিয়নের চুরের ভিটা গ্রামের মাস্টার আলীর ছেলে আবুল কাসেম ৯ বস্তা চাল নিয়ে বাড়ি যাচ্ছিলেন। ইজিবাইকটি দেবকান্দায় পৌঁছালে একসঙ্গে এত চাল দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা চ্যালেঞ্জ করলে আবুল কাসেম চাল রেখে পালিয়ে যান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসব চাল জব্দ করে।
এলাকাবাসীর ধারণা, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা চাল স্থানীয় ডিলার উত্তোলন করে তা কার্ডধারীর কাছে বিক্রি না করে আবুল কাসেমের কাছে বিক্রি করে দিয়েছেন।