বিবৃতিতে মির্জা ফখরুল

বিরোধী দলকে নিশ্চিহ্নের নীলনকশা করছে সরকার

করোনার মতো মহামারীর মধ্যেও সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার নীলনকশা থেকে পিছু হটেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার দলটির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি। দলের ঢাকা মহানগর উত্তর বাড্ডা থানার ৩৭ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল বাশারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গত ১৪ এপ্রিল মঙ্গলবার ত্রাণবঞ্চিত সাধারণ মানুষ রাজধানী ঢাকার বাড্ডা লিঙ্ক রোডে বিক্ষোভ করেন। এ ঘটনায় বাড্ডা থানার ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল বাশারকে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়। এসবের উদ্দেশ্য সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার নীলনকশা থেকে পিছু হটেনি। বরং এই মহামারীকে কাজে লাগিয়ে সরকার আরও জোরেশোরে বিরোধী দল ও ভিন্নমতকে উচ্ছেদ করার সামগ্রিক আয়োজনে ব্যস্ত রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশসহ সারা বিশ্ব করোনাভাইরাসের মরণ ছোবলের আশঙ্কায় শঙ্কিত। এই দুর্যোগময় পরিস্থিতিতে দেশের অসহায়, নিরন্ন ও ছিন্নমূল মানুষদের সহায়তা প্রদান করছেন বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে ফেনীর দাগনভূঁইয়া ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে গরিব মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের সময় কলেজ ছাত্রদলের সদস্য নিলয় হাসান রবিনও উপস্থিত ছিলেন। ঠিক ওই সময় ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা ছাত্রদলের ত্রাণকাজে হামলা চালিয়ে নিলয় হাসান রবিনকে গুরুতর আহত করে।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, করোনাভাইরাসের মহামারীতে একদিকে সরকারদলীয় নেতারা যেমন ত্রাণসামগ্রী লুটপাটে ব্যস্ত, অন্যদিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্রাণ কর্মকাণ্ডকে জুলুমের বাতাবরণে নানা কায়দায় বাধা দিচ্ছে। কারণ, দুঃশাসন টিকিয়ে রাখলেই কেবলমাত্র নিজেদের ব্যর্থতা ঢেকে রাখা যায়। এই মহাদুর্যোগেও সরকারের সামগ্রিক আচরণে তাদের অমানবিক মুখমণ্ডল আরও কুৎসিত হয়ে ফুটে উঠেছে। অবিলম্বে রবিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ আবুল বাশারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান বিএনপি মহাসচিব।