‘ক্ষুধা’ বেড়েছে বাবরের

করোনাভাইরাসের কারণে অন্য সবার মতো ঘরবন্দী সময় কাটছে পাকিস্তানি তারকা ক্রিকেটার বাবর আজমেরও। তাতে একটু চিন্তিতই লাগছে তরুণ এই প্রতিভাকে। পারফরম্যান্সে না মরিচা পড়ে যায়! তবে ২৫ বছর বয়সী ব্যাটার এই বিশ্বাসও রাখছেন, বসে থাকলেও বেসিক তো আর কেউ ভুলবে না।

তাই সব স্বাভাবিক হলে বেসিক কাজে লাগিয়ে দ্রুতই ছন্দে ফিরতে পারবেন বলে মনে করেন ডানহাতি ব্যাটসম্যান বাবর। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বাবর কথা বলেছেন, বর্তমান করোনাকাল নিয়ে। একই সঙ্গে নিজের ব্যাটিং দর্শন নিয়েও কথা বলেছেন পাকিস্তানের সময়ের সবচেয়ে সেরা ব্যাটসম্যান।

করোনার জন্য এই বিরতি প্রসঙ্গে বাবর বললেন, ‘...যদি এই বিরতিটা বড় হয় তবে এটা আমাকে বিবর্ণ করে তুলতে পারে। কিন্তু আপনি তো আপনার বেসিক ভুলে যাবেন না। ছন্দ ফিরে পেতে কিছুটা সময় লাগতে পারে। তবে বেসিক তো ঠিকই থাকবে। ইনশা আল্লাহ, কয়েক সপ্তাহ আগে যেভাবে দেখেছেন আমি সেই বাবর আজম হিসেবেই ফিরে আসতে পারব।’

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বাবরকে নিয়ে বড় স্বপ্ন দেখছে পাকিস্তান ক্রিকেট। প্রতিভা ও সামর্থ্যে তাকে বিরাট কোহলির সঙ্গেও তুলনা করেন অনেকে। তার পারফরম্যান্সই আসলে তুলনাটা করতে উৎসাহী করে সবাইকে। এই যেমন নিজের শেষ পাঁচ টেস্টের চারটিতেই সেঞ্চুরি করেছেন।

এখন অবশ্য খেলা নেই বলে নিজের পুরোনো ইনিংসগুলোর ভিডিও দেখে সময় কাটাচ্ছেন বাবর। কাটাছেঁড়া করছেন নিজের ভুল ত্রুটির। তিন ফরম্যাটেই এখন র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচে তিনি। বাবর নিজের এই সাফল্যের পেছনে দেখছেন আত্মতৃপ্তি কাটিয়ে ওঠে ইতিবাচক মানসিকতাকে।

বাবর বলেন, ‘একটা সময় আমি যদি ভালো পারফর্ম করতাম তবে অনেক খুশি থাকতাম। এটা নেতিবাচক দিক ছিল। যা আমি বুঝতে পেরেছিলাম এবং এটা কাভার করতে পেরেছিলাম। এখন একটা ভালো পারফরম্যান্স আমাকে খুশি করে না। বরং আমি আরো নিজেকে এগিয়ে নিতে চেষ্টা করি।’

নিজের পারফরম্যান্সের চেয়ে দলের জন্য অবদান রাখাকেই বড় করে দেখেন বাবার, ‘এটা খুব সহজ যে আপনি মাঠে গেলেন, পারফর্ম করলেন আর খুশি হয়ে ফিরে এলেন। কিন্তু এখন আমি নিজেকে তৈরি করেছি যে আমাকে দলের জন্য কিছু করতে হবে। এবং এটাই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ।’

বাবর যোগ করে বলেন, ‘যদি আমি রান না করি তবে আমার কাজ শেষ হয় না। আপনি যদি দলের জয়ে অবদান রাখতে পারেন, তবে সেটি ভেতরে-ভেতরে আপনাকে অনেক তৃপ্তি দেবে।’