নারায়ণগঞ্জে করোনা রোগীর বাড়ি লকডাউন করায় তান্ডব চালিয়েছে পরিবারের কয়েকজন। এসময় লকডাউনের লাল নিশান উপরে ফেলাসহ স্থানীয় কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের কার্যালয়ে হামলা ও প্রাণনাশের হুমকী দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কুড়িপাড়া এলাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউন্সিলর কামরুজ্জামান বাবুল দেশ রূপান্তরকে জানান, ‘কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও আমার ওয়ার্ডের বাসিন্দা আব্দুল কাইয়ুমের স্ত্রী ও দুই বোন করোনায় আক্রান্ত হয়। মঙ্গলবার তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কাইয়ুমের বাড়িটি লক ডাউন করি এবং রোগীদের সংস্পর্শে আসায় পরিবারের সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলি। এসময় বাড়ীর সামনে বাঁশ ও লাল নিশান দিয়ে লকডাউন বোর্ড টানিয়ে দিয়ে আসি। যেন সকলে সচেতন থাকে’।
‘সন্ধ্যার আগে কাইয়ুমের ভাই স্থানীয় সন্ত্রাসী এছহাক মিয়া বাড়ীর সামনের লকডাউন লেখা বোর্ড, লাল নিশান, বাঁশ সবকিছু ভেঙ্গে উপড়ে ফেলে। শুধু তাই নয়, সন্ধ্যার পর আমার কার্যালয়ে এসে প্রাণনাশের হুমকী এবং হামলার চেষ্টা চালায়। পরে এলাকাবাসী এসে তাকে নিবৃত করে’।
‘আমি বিষয়টি তাৎক্ষনিক সিটি কর্পোরেশনের সিইও এবং বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। বাড়ির লকডাউন ভাঙার পরে এছহাক বর্তমানে প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ফলে সর্বত্র আতংক বিরাজ করছে’।
এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার দেশ রূপান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমিও ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেবো।