‘মজা নিতে’ হটলাইনে ৪৭৩ কল স্কুলছাত্রের, ঠাঁই হলো শ্রীঘরে

নিজেকে করোনা রোগী দাবি করে সরকারি পরিষেবা নম্বরে ফোন দিয়ে বিভ্রান্ত করায় নাটোরের এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ।

আটক সপ্তম শ্রেণির ওই স্কুলছাত্রের এমন কাণ্ডে বিভ্রান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষ ও পুলিশকে।

পুলিশ জানায়, নিছক মজা নিতেই ওই স্কুলছাত্র সরকারের বিভিন্ন পরিষেবা নম্বরে বারবার ফোন দিয়ে নিজেকে করোনা রোগী পরিচয় দিয়েছে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে সদর উপজেলার টলটলিয়া পাড়া থেকে আটক করা হয়।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, আটক স্কুলছাত্র নিছক মজা নেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সরকারের বিভিন্ন পরিষেবা নম্বরে ফোন করে বিভ্রান্তির সৃষ্টির করেছে।

তিনি জানান, ওই ছাত্রের মোবাইল ফোনের সিডিআর পর্যালোচনা করলে দেখা যায় ৬ এপ্রিল হতে ২০ এপ্রিল পর্যন্ত সে সরকারি টোল ফ্রি ৩৩৩ নম্বরে ৩১৬ বার, ১৬২৬৩ নম্বরে ৬৩ বার, ১০৬৫৫ নম্বরে ৪০ বার, ১০৯ নম্বরে ৩১ বার এবং ৯৯৯-এ ২৩ বার কল করে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করেছে।

আবুল হাসনাত বলেন, তার এই মিথ্যা তথ্য প্রদানের কারণে মাঠ পর্যায়ে কর্মরত পুলিশসহ প্রশাসনকে হয়রানির শিকার হতে হয়। এ বিষয়ে আটক স্কুলছাত্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।